সোনারগাঁয়ে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি পোড়া মবিল শোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গতকাল সোমবার দুজন নিহত হয়েছেন। নয়াপুর হাতুরাপাড়া এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কের পাশে ময়না ট্রেডিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
উপজেলার জামপুর ইউনিয়নের নয়াপুর হাতুরাপাড়া এলাকায় মেসার্স চান অ্যান্ড সূর্য ফিলিং স্টেশনের অঙ্গপ্রতিষ্ঠান ময়না ট্রেডিং। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের মালিক পলাতক আছেন। নিহত ব্যক্তিরা হলেন ওই প্রতিষ্ঠানের পরিচালক মাসুম মিয়া (৩৫) ও নিরাপত্তা প্রহরী হান্নান মিয়া (৪০)। হান্নান মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিগলদীকান্দা গ্রামের বাসিন্দা ও মাসুম বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ময়লা পরিষ্কার করতে গতকাল সকালে শোধনাগারের ট্যাংকের ভেতরে ঢোকেন ওই প্রতিষ্ঠানের কর্মী মাসুম ও হান্নান। দীর্ঘ সময় পার হলেও তাঁরা ট্যাংক থেকে বেরিয়ে না আসায় প্রতিষ্ঠানটির অন্য কর্মচারীরা তাঁদের ডাকাডাকি করেন। তাঁদের না পেয়ে এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির বাকি কর্মচারীরা থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ঢাকার ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রথমে মাসুম ও পরে হান্নান মিয়ার লাশ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় তিন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্যাংকে নেমে তাঁরা দম বন্ধ হয়ে মারা গেছেন বলে মনে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ময়না ট্রেডিংয়ের মালিক মেহেদী হাসান অবৈধভাবে পোড়া মবিলের ব্যবসা করছিলেন। ঘটনার পর থেকে মেহেদী পলাতক আছেন।
ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মী আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।