সোনারগাঁয়ে নদীভাঙন থেকে চার গ্রাম রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সবুজবাগ গ্রামের পাশে মেঘনা নদীতীরে গ্রামবাসীদের মানববন্ধন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সবুজবাগ গ্রামের পাশে মেঘনা নদীতীরে গ্রামবাসীদের মানববন্ধন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ ও নদীর তীরে বাঁধ নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চার গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শুক্রবার বিকেলে মেঘনা নদীর তীরবর্তী সবুজবাগ গ্রামে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
দীর্ঘদিন ধরেই মেঘনার প্রবল স্রোত ও নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক, সবুজবাগ, গুচ্ছগ্রাম ও রঘুনাথপুর গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল ওই চার গ্রামসহ আশপাশের গ্রামবাসী একত্র হয়ে সবুজবাগ গ্রামের পাশে মেঘনা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিকেল পাঁচটা থেকে ৪০ মিনিটের এ মানববন্ধনে পাশের মছলন্দপুর গ্রামের সেলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিলানী মিয়া, স্থানীয় আলী হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। গ্রামবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানের নেতৃত্বে একটি দলও এ কর্মসূচিতে অংশ নেয়।
জিলানী মিয়া বলেন, ‘নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ ও গ্রামগুলোর পাশে নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে পাচঁ বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে।’
আজহারুল মান্নান বলেন, ‘আমি বিরোধী দলের সমর্থক হওয়ায় সরকার আমার কোনো কথা রাখছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে নেমেছি।’