সোনারগাঁয়ে নামমাত্র মূল্যে অস্থায়ী ১১টি পশুর হাট ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নামমাত্র মূল্যে এ বছরও অস্থায়ী ১১টি পশুর হাট বসানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থায়ী হাটের ইজারাদারেরা লোকসানের আশঙ্কা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে অস্থায়ী ১৪টি পশুর হাটের অনুমোদন দেয় জেলা প্রশাসন। গত মঙ্গলবার এসব হাটের ইজারা দেওয়া হয়।
এলাকার ১০-১২ জনের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমঝোতা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে গত বছরের মতো এবারও নামমাত্র মূল্যে অস্থায়ী ১১টি হাটের ইজারা নিয়েছেন। এর মধ্যে গত বছর উপজেলার তাহেরপুর লাল মিয়া উচ্চবিদ্যালয়ের অস্থায়ী পশুর হাট চার হাজার টাকায়, এ বছর ১০ হাজার ৪০০ টাকায়; চরপাড়া খেলার মাঠ হাট গত বছর তিন হাজার টাকায়, এ বছর ১০ হাজার ৫০০ টাকায় এবং আলমদী দক্ষিণপাড়া হাট গত বছর তিন হাজার টাকায়, এ বছর ১০ হাজার ৯০০ টাকায় ইজারা দেওয়া হয়। এ ছাড়া পাকুন্ডা হাট গত বছর ১২ হাজার টাকায়, এ বছর ১০ হাজার ৫০০ টাকায়; ধন্দীরবাজার হাট গত বছর ১৪ হাজার ৩০০ টাকায়, এ বছর ১৩ হাজার ২০০ টাকায়; মেঘনা শিল্পনগরী হাট গত বছর ১৪ হাজার টাকায়, এ বছর ১৬ হাজার টাকায়; সোনারগাঁ ডিগ্রি কলেজ হাট গত বছর ১০ হাজার ৫০০ টাকায়, এ বছর ১১ হাজার টাকায় এবং বৈদ্যেরবাজার বালুর মাঠ গত বছর ২৬ হাজার টাকায়, এ বছর ২৬ হাজার ২০০ টাকায় ইজারা দেওয়া হয়।
এদিকে এ বছর নতুন করে দড়িকান্দি বালুর মাঠ ২ লাখ ৯০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। জানা গেছে, সমঝোতা না হওয়ায় এ হাটটি বেশি টাকায় ইজারা দেওয়া গেছে। এ ছাড়া চরহোগলা খেলার মাঠ ও চর কিশোরগঞ্জ মাঠে হাট বসানোর জন্য জেলা প্রশাসন অনুমতি দিলেও এ দুটি হাটে কেউ দরপত্রে অংশ নেননি।
ইউএনও আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে বলেন, ‘ইজারাদারেরা গোপনে সমঝোতা করেছিলেন কি না, তা আমাদের জানা নেই। তবে এ বছর ১৪টি অস্থায়ী হাট ছাড়াও আরও চারটি হাট জেলা প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের দলের কেউ পশুর হাটের সমঝোতা করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’