সোনারগাঁয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলতাপাড়া গ্রামে গতকাল শুক্রবার পিটিয়ে আবু সিদ্দিক নামের এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনা থানায় মামলা হয়েছে।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের মাঈন উদ্দিনের সঙ্গে একই এলাকার রুবেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
গতকাল সকালে মাঈন উদ্দিনের ছেলে ব্যবসায়ী আবু সিদ্দিককে মুঠোফোনে স্থানীয় মীরেরটেক বাজারে ডেকে নেন রুবেল। আবু সিদ্দিক মীরেরটেক বাজারে গেলে ওত পেতে থাকা রুবেল, আলমগীর, নজরুল ইসলাম, আমির হোসেন, মুকবিল হোসেন অস্ত্রের মুখে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে মুছারচর সেতুর কাছে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাঁরা আবু সিদ্দিককে লাঠি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেন এবং তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা আবু সিদ্দিককে ফেলে পালিয়ে যান।
তাঁকে গুরুতর অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান প্রথম আলোকে জানান, পূর্বশত্রুতার জের ধরে আবু সিদ্দিককে অপহরণ ও হত্যার চেষ্টা চালানো হয়েছে।
এ ঘটনায় গতকাল মাঈন উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও রুবেলকে পাওয়া যায়নি।