সোনারগাঁয়ে মহাসড়কে অটোরিকশার স্ট্যান্ড
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যান চলাচল অব্যাহত আছে। এর ওপর উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের দুই পাশে দুটি লেনে অটোরিকশাস্ট্যান্ড করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরকার গত ১ আগস্ট থেকে জাতীয় মহাসড়কে তিন চাকার অটোরিকশা এবং সব ধরনের অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ ঘোষণার পর প্রায় এক সপ্তাহ এই মহাসড়কে অটোরিকশা, নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ ছিল। কিন্তু এরপর থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট পর্যন্ত আবার এসব যানবাহন চলাচল শুরু হয়। এক মাস আগে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের দুই পাশের দুটি লেন দখল করে অটোরিকশা, নছিমন, করিমন ও ভটভটির স্ট্যান্ড করা হয়। এ কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহাতে হয় দূরপাল্লার যাত্রীবাহী বাসের যাত্রী ও চালকদের।
কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের চালক নুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এখানে আমাদের প্রতিদিন যানজটে আটকে থাকতে হয়।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অটোরিকশাচালক বলেন, ‘পুলিশের অনুমতি নিয়েই আমরা মহাসড়কের ওপর গাড়ি পার্কিং করি।’
তবে এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মহাসড়কের ওপর অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আমরা কয়েকবার উচ্ছেদ করেছি। এরপরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু যান চলাচল করছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি, আশা করি, এসব যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করতে পারব।’