নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রামে মেঘনার তীর থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
ফসলি জমি রক্ষার দাবিতে শতাধিক গ্রামবাসী গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মেঘনার তীরে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, রাতে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে নদীর তীরবর্তী ফসলি জমি মেঘনাগর্ভে বিলীন হয়ে গেছে। কিছুদিন বন্ধ থাকলেও ফের ফসলি জমির মাটি কাটা শুরু হয়েছে। অবশিষ্ট জমি ও বসতভিটা রক্ষার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন করা হয়।
গ্রামবাসী আরও অভিযোগ করেন, অবৈধ এই বালু তোলার বিষয়ে চর কিশোরগঞ্জ পুলিশ ফাঁড়িকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁদের হুমকি দিচ্ছে।
স্থানীয় ইয়াকুব মৃধা জানান, মানববন্ধনে যোগদানের জন্য আসার পথে সকাল ১০টার দিকে বালু উত্তোলন চক্রের লোকজন তাঁর ওপর হামলা চালান। তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে মানববন্ধনে যোগ দেন।