সোনারগাঁয়ে ১০ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ১০ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের ব্যবসায়ী কামরুজ্জামানের সঙ্গে একই গ্রামের শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শফিকুলের নেতৃত্বে মনসুর মিয়া, মনিরুজ্জামানসহ ১৫-২০ জন রামদা, চায়নিজ কুড়াল, ছোরা নিয়ে কামরুজ্জামানের বাড়িতে হামলা চালান। এ সময় কামরুজ্জামান বাড়িতে ছিলেন না।
হামলাকারীরা কামরুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম, ছোট ভাই নূরে আলম, ভাগনে জাহিদুল ইসলাম, শ্যালক সোহেল আহমেঞ্চদসহ ১০ জনকে কুপিয়ে জখম করে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শফিকুল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে আমি জড়িত নই। তৃতীয় পক্ষ হামলা চালাতে পারে।’ তবে তিনি কারও নাম বলতে পারেননি।