সোনারগাঁয়ের লিচু এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচু এখনই বাজারে এসেছে। রাজশাহী, দিনাজপুরসহ দেশের অন্যান্য স্থানের আগে সোনারগাঁয়ে লিচু পেকে যায়। এ ছাড়া সোনারগাঁয়ের লিচুর সুখ্যাতিও রয়েছে। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানের পাইকার ও পর্যটকদের পদভারে মুখরিত সোনারগাঁয়ের লিচুবাগান।
গতকাল শনিবার সোনারগাঁ পৌরসভা, বৈদ্যেরবাজার ও মোগড়াপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিনে দেখা যায়, লিচুবাগানগুলোর ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু। এ সময় বাগানের মালিকেরা জানান, সময়মতো বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর অন্যান্য বছরের তুলনায় লিচুর উৎপাদন বেশি হয়েছে। কাক, বাদুড়সহ যেসব প্রাণী লিচুর ক্ষতি করে, এদের তাড়াতে বাগানে বাগানে বৈদ্যুতিক বাতি ও বেশি শব্দ হওয়ার জন্য টিনের তৈরি বাজনা বাজিয়ে রাতের বেলা বাগানের মালিক ও শ্রমিকেরা লিচু রক্ষা করছেন।
গতকাল মোগড়াপাড়া চৌরাস্তার ফলের আড়তে গিয়ে দেখা যায়, ১০০টি পাতি লিচু ৪০০ থেকে ৫০০ টাকা ও ১০০টি কদমী লিচু ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
লিচু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর সোনারগাঁ পৌরসভার চিলারবাগ, দৈলেরবাগ, খাসনগর, ভট্টপুর, টিপুরদী, বালুয়া দীঘিরপাড়, পানাম গাবতলী, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া, হামছাদী ও পঞ্চবটি এলাকার বাগানগুলোতে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয়েছে। হাড়িয়া গ্রামের ব্যবসায়ী মমিনুল হক জানান, এ বছর লিচুর উৎপাদন ভালো হয়েছে। বাগান থেকেই বেশি লিচু বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা জানান, লিচুর জন্য সোনারগাঁয়ের মাটি উপযোগী, দেশের অন্যান্য স্থানের আগে এ এলাকার লিচু বাজারে পাওয়া যায় বলে এখানকার লিচুর কদর বেশি।