সোনারগাঁয়ের শামীমের মৃত্যু হয়েছে নির্যাতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের কারণেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্ত্রীসহ চার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী শামীম রেজার মৃত্যু হয়েছে। শামীমের লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ওই প্রতিবেদন গত রোববার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম ফারজানা হোসেনের আদালতে দাখিল করা হয়।

আদালত প্রতিবেদন গ্রহণ করে শামীমের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী সাবিকুন নাহারের করা হত্যাসহ দুটি মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে মামলা দুটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) হস্তান্তর করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান জানান, শামীম রেজার ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত ১৯ এপ্রিল সোনারগাঁ উপজেলার প্রতাপের চর গ্রামের বাড়িতে পিরোজপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী শামীমা, শ্যালক রানা ইসলাম এবং গৃহকর্মী রেখা আক্তার ও মনি আক্তার খুন হন। এ ঘটনায় শামীম রেজাকে আটক করে পুলিশ। পরে তাঁকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদারের বাড়িতে তিন দিন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে।

পুলিশের দাবি, চার খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে শামীম ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে ২২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার, উপপরিদর্শক (এসআই) পলটু ঘোষ ও সহকারী পুলিশ সুপার (সার্কেল-খ) উত্তম প্রসাদ পাঠককে প্রত্যাহার করা হয়। ওই তিনজনসহ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে শামীমের বাবা আলাউদ্দিন হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে নিম্ন আদালতে মামলা করার পরামর্শ দেন।

আলাউদ্দিন পরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে ওই চার পুলিশ কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে শামীমের স্ত্রী গত ১৬ জুন ও ২৩ জুলাই একই আদালতে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন। আদালত দুটি আবেদন গ্রহণ করে শামীমের মৃত্যুর ঘটনায় ঢাকার শাহবাগ থানায় করা অপমৃত্যুর মামলার তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। ওই প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আদেশ দেওয়া হবে বলেও উল্লেখ করেছিলেন আদালত।

শামীমের বাবা আলাউদ্দিন অভিযোগ করেন, পুলিশ তাঁর ছেলেকে আটক করে তাঁদের কাছে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করে। পরে দর-কষাকষি করে পাঁচ লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাঁরা অরূপ তরফদারকে আড়াই লাখ টাকাও দেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় পুলিশ তাঁর ছেলেকে নির্যাতন করে হত্যা করেছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

শামীমের স্ত্রী সাবিকুন নাহার বলেন, ‘মামলা তুলে নিতে পুলিশ এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদের চাপ দিচ্ছে। চাপের কারণে আমি সোনারগাঁ ছেড়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান বলেন, শামীম রেজার পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ কেউ করেননি। থানা থেকেও কোনো পুলিশ সদস্য শামীমদের বাড়িতে যাননি।