সোনারগাঁর নির্বাচন সুষ্ঠু হবে না বলে প্রার্থীদের আশঙ্কা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন কমিশনার জাবেদ আলীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রার্থীরা ওই অভিযোগ করেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রশিদ মিয়া, নির্বাচনে চেয়ারম্যান প্রমুখ।
সভায় চারজন চেয়ারম্যান পদপ্রার্থী, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩১ মার্চের নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন।
প্রার্থীরা বলেন, নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকে আওয়ামী লীগ-সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দিন পর পর সংঘর্ষ হচ্ছে, বহিরাগত সন্ত্রাসী ও মাস্তানরা উপজেলার বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে।