সোনারগাঁর প্রধান সড়ক বেহাল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন সংস্কার না করায় উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে উদ্ববগঞ্জ হয়ে বৈদ্যের বাজার পর্যন্ত প্রধান সড়কে বড় বড় গর্ত হয়েছে। গত শনিবার সামান্য বৃষ্টিতে সড়কটির হাবিবপুর, চিলারবাগ, হাতকোপা, সোনারগাঁ থানার পাশে ও উদ্ববগঞ্জ বাজারের গর্তে হাঁটু পর্যন্ত পানি জমে যায়।হাবিবপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া বলেন, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সর্বস্তরের লোকজন এ সড়ক ব্যবহার করে সোনারগাঁর বিভিন্ন এলাকায় যাতায়াত করে। তা ছাড়া এ সড়ক দিয়ে বৈদ্যের বাজার লঞ্চঘাট হয়ে কুমিল্লার মেঘনা, হোমনা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একাংশের মানুষ চলাচল করে। গত বছর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) শুধু মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় কাজ শুরু করে। কিন্তু কয়েক দিন পরই কাজ বন্ধ করে দেওয়া হয়। উলুকান্দি গ্রামের অটোরিকশাচালক মিজান মিয়া বলেন, ভাঙাচোরা সড়ক দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। গর্তে পড়ে প্রতিনিয়ত গাড়ি নষ্ট হচ্ছে।সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘সড়কটি সওজের অধীনে হওয়ায় আমরা মেরামত করতে পারছি না।’নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ‘অর্থ বরাদ্দ না থাকায় গত বছর কাজটি শুরু করেও আর এগোতে পারিনি।’