সোনারগাঁর সেই পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডে গতকাল মঙ্গলবার উৎপাদন বন্ধ ছিল। হাজিরা বোনাস চালুর দাবিতে গত সোমবার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ, পুলিশ ফাঁড়িতে আগুনসহ ওই কারখানায় ভাঙচুর ও লুটপাট করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল সকাল থেকে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব টহল দেয়। এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের উপমহাব্যবস্থাপক এ এস এম হাফিজুর রহমান জানান, শ্রমিকদের ব্যাপক ভাঙচুরের কারণে কারখানার দুটি গার্মেন্টস ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ভাঙচুর করা আসবাব সরিয়ে আজ বুধবার থেকে পুনরায় গার্মেন্টস ইউনিটের উৎপাদন চালু করা যাবে। তিনি জানান, সোমবার কারখানায় হামলা, ভাঙচুরের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়েছে।