জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার রাতে সন্ত্রাসী হামলায় টেঁটাবিদ্ধ হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর গ্রামের এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম মফিজুল ইসলাম। সে স্থানীয় মদনপুর নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে একই গ্রামের শহীদুল্লাহ্ মিয়ার সঙ্গে জাহিদুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের এ বিরোধ মেটানোর উদ্দেশে গ্রামের মাতব্বরেরা বুধবার রাতে শহীদুল্লাহ্র বাড়িতে সালিসি বৈঠক ডাকেন। কিন্তু সালিসে উপস্থিত না হয়ে জাহিদুলের পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দা, চাইনিজ কুড়ালসহ দেশের তৈরি অস্ত্র নিয়ে শহীদুল্লাহ্ বাড়ি ঢুকে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় শহীদুল্লাহ্র মেয়ে হেলেনা, ফিরোজা ও ছেলে ইব্রাহিম আহত হন। একপর্যায়ে শহীদুল্লাহর ছোট ছেলে মফিজুল এগিয়ে গেলে তার বুকে টেঁটা বিদ্ধ করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মফিজুলের মৃত্যু হয়।এ ঘটনায় একই গ্রামের জাহিদুল, নজরুল ইসলাম, কামাল, আলমগীর, বাশাদ, আশাদ, শাহজালাল, জুয়েল, মমতাজসহ ১০ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।