সোনারগাঁয় টেম্পোর চাপায় শ্রমিক নিহত মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শনিবার টেম্পোর চাপায় তৈরি পোশাক কারখানার একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে জনতা প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। আর টেম্পোটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।নিহত শ্রমিকের নাম মহসীন মিয়া (৩০)। তাঁর বাড়ি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক মহসীন গতকাল সকাল নয়টার দিকে কারখানায় যাচ্ছিলেন। পথে নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি টেম্পো তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর টেম্পো রেখে চালক পালিয়ে যান।মহসীনের মৃত্যুর খবর তাঁর কারখানায় পৌঁছালে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা দুর্ঘটনাস্থলে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। ওই টেম্পোটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। সকাল সোয়া ১০টার দিকে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে আবারও যান চলাচল শুরু হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহসীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।