সোনারগাঁয় বালুমহালে দফায় দফায় হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বালুমহালে দফায় দফায় সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে বালুমহালের ইজারাদারদের সঙ্গে একদল সন্ত্রাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে গত শুক্রবার সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চর রমজান সোনাউল্ল্যাহ-২ বালুমহালে চাঁদার দাবিতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একদল সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁ থানায় মামলা করা হয়। মামলার বিবরণীতে মামলার বাদী ইজারাদার আবু হানিফ উল্লেখ করেন, গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী এক মাস ধরে তাঁর ইজারা নেওয়া বালুমহালে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই সন্ত্রাসী বাহিনী বালুমহালের কালেকটর বাহাউদ্দিন ও নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাঁদের হাত-পা ভেঙে দেয়। এ সময় বালুমহালের আরও ২৩ জন কর্মচারী আহত হয়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এদিকে গজারিয়া উপজেলার ছোট রায়পুরা বালুমহালের ইজারাদার আবদুল মান্নান অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার কিছু উচ্ছৃঙ্খল যুবক তাঁর বালুমহালে হামলা চালিয়ে ১০ জনকে আহত করে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ছোট রায়পুরা বালুমহালে শুক্রবার হামলার অভিযোগে সোনারগাঁয়ের ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।বালুমহালের পরিস্থিতি শান্ত রাখার জন্য দুই উপজেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রোববার বৈঠক করেছেন। হামলার পর নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।