সোনারগাঁয় মাদক প্রতিরোধে রাতভর লাঠি-বাঁশি অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় মাদকব্যবসা বন্ধের জন্য এবার লাঠি-বাঁশি নিয়ে মাঠে নামলেন পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত সোমবার রাতভর লাঠি-বাঁশি নিয়ে কয়েক শ প্রতিবাদী এলাকাবাসীকে নিয়ে বিভিন্ন মাদকের আস্তানায় হানা দেওয়া হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। প্রশাসনের এ অভিযানে অনেকে মাদকব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকারও করেন।জানা যায়, সোনারগাঁ পৌরসভা এলাকার সর্বত্র মাদকব্যবসা অন্য যেকোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করেও কোনো ফল না পাওয়ার কারণে গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন ও সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানের নেতৃত্বে পৌরসভার প্যানেল মেয়র রোকসানা আক্তার, কাউন্সিলর জায়েদা আক্তার, রফিকুল ইসলাম, নাইম আহম্মেদসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন গ্রামের মাদকবিরোধী গণ্যমান্য ব্যক্তিরা লাঠি-বাঁশি হাতে নিয়ে প্রথমে পৌরসভার ষোলপাড়া, লাহাপাড়া, মুন্সীরাইল বাজার, নোয়াইল, বালুয়া দীঘিরপাড়, দরপত, আদমপুর, গেয়ালদী গ্রামে বিভিন্ন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ও আস্তানায় হানা দেন। এ সময় বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে পৌর মেয়র ও ইউএনও গ্রামবাসীদের জড়ো করে মাদকের ক্ষতির দিক তুলে ধরে বক্তব্য দেন। সরেজমিনে কয়েকজন মাদকব্যবসায়ী জীবনে কোনোদিন আর এ ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন বলেন, পৌরসভা এলাকা থেকে মাদকব্যবসা বন্ধের জন্যই লাঠি-বাঁশি নিয়ে বিভিন্ন স্থানে রাতের বেলা অভিযান চালানো হয়েছে। মাদকব্যবসা একেবারে বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরাতেই এ অভিযান চলবে। মাদক ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাস্তি দেওয়া হবে।পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ইতিমধ্যে পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। তার পরও মাদকব্যবসা বন্ধ না হওয়ায় আমরা রাতের বেলা অভিযান শুরু করেছি। পৌর এলাকা পুরোপুরি মাদকমুক্ত না হওয়া পর্যন্ত প্রতি রাতে এ ধরনের অভিযান চলবে।