
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কারখানাশ্রমিকেরা গতকাল রোববার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মদনপুর-জয়দেবপুর সড়কের প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলাকালে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উপজেলার জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকায় অবস্থিত রহমান স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ করছে না। এর মধ্যে গতকাল সকালে কাজ করতে এসে তাঁরা দেখতে পান ফটক বন্ধ। কর্তৃপক্ষ চার দিনের জন্য কারখানা ছুটির ঘোষণা করেছে। তাই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সড়ক অবরোধের খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।
কারখানাটির হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। যত দিন কারখানা বন্ধ থাকবে, শ্রমিকদের হাজিরা ধরা হবে। সময়মতো তাঁদের বেতন পরিশোধ করা হবে।’