সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে দোকানঘর ও রিকশা গ্যারেজ পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় দোকানঘরে থাকা ও আগুন নেভাতে এসে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সোমবার দিবাগত রাত একটায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন খুব দ্রুত রশিদের দোকান থেকে শাহজাহানের রিকশার গ্যারেজ হয়ে আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানপাট ও রিকশাসহ গ্যারেজ, নগদ টাকা, মালামাল, আসবাব, টেলিভিশন, ফ্রিজসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। এ সময় দোকানঘরে থাকা শাহজাহান (৪৫), রশিদ (৩৫), রমজান (২৫), আমির হোসেন (৩০) নাঈম (১৮), আয়নাল হকসহ (৩৮) কমপক্ষে ১০ জন আহত হন।