সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ আবার বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চান্দেরকীর্তি সড়কে তিতাস গ্যাস কোম্পানির প্রধান লাইন থেকে নেওয়া অবৈধ সংযোগ গতকাল সোমবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ কারণে দুই ইউনিয়নের ৪৫ গ্রামের মানুষের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি গ্রামের পাশ দিয়ে একটি চক্র বৈদ্যেরবাজার ও বারদি ইউনিয়নের ৪৫টি গ্রামের ১১ হাজার মানুষের বাড়িতে অবৈধভাবে গ্যাসের সংযোগ দেয়। সংযোগ দেওয়ার আগে চক্রটি প্রতি গ্রাহকের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব অবৈধ গ্রাহকের কাছ থেকে বিল নেওয়ারও কোনো সুযোগ নেই। তাই সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। গত বছরের নভেম্বরে ওই এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু কয়েক দিন পর আবারও রাতের আঁধারে অবৈধ সংযোগ দেওয়া হয়। গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াতের নেতৃত্বে পুলিশ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে অবৈধ গ্যাসলাইনের পাইপ মাটি থেকে তুলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।