সোনারগাঁয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করল প্রশাসন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন গতকাল সোমবার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, ইমানেরকান্দি গ্রামের পাশে ব্রহ্মপুত্রের তীরে দুটি ড্রেজার (খননযন্ত্র) বসিয়ে দীর্ঘদিন ধরে নদ থেকে বালু তোলা হচ্ছিল। পাশাপাশি নদের পারের কৃষকদের ফসলি জমির মাটিও জোরপূর্বক কেটে নিচ্ছিল স্থানীয় একটি চক্র। নির্বিচারে মাটি কাটার কারণে তীরের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। গ্রামের কৃষকেরা ফসলি জমি রক্ষায় স্থানীয় থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে লিখিত দেন। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি স্থানীয় কৃষকেরা নদীর তীরে বিক্ষোভ মিছিল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের অভিযোগ পেয়েছি। পুলিশ নিয়ে সরেজমিনে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ড্রেজার অকেজো করে দেওয়া হয়েছে। ড্রেজারের পাইপগুলোও কেটে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান।’
১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘সোনারগাঁয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।