সোনারগাঁয়ে অবৈধ যানবাহনে যানজট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ ইজিবাইক ও অটোরিকশার কারণে এ যানজট হচ্ছে বলে স্থানীয় লোকজন বলছেন।
পুলিশ, যানবাহনের চালক ও মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সোনারগাঁ উপজেলায় ৭৫০টি ইজিবাইক ও ৪৬৫টি ব্যাটারিচালিত অটোরিকশা উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করে। এর মধ্যে সবচেয়ে বেশি চলাচল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে পানাম নগর, বৈদ্যেরবাজার, উদ্ধবগঞ্জ, বটতলা ও কাইকারটেক রোডে। সোনারগাঁ পৌরসভা, সনমান্দি, বৈদ্যেরবাজার, মোগরাপাড়া, পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়নের ১২৪টি গ্রামের মানুষ প্রতিদিন মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ আসা-যাওয়া করে। এ জন্য তারা ওই সড়কগুলোতে ইজিবাইক ও অটোরিকশা ব্যবহার করে থাকে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি দুটি ক্লিনিকের নথি ঘেঁটে দেখা যায়, গত তিন মাসে এ এলাকায় ইজিবাইক ও অটোরিকশার দুর্ঘটনার শিকার হয়ে ৫১ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১১ জুন বৈদ্যেরবাজারগামী একটি ইজিবাইক সড়কের পাশের খাদে পড়ে গেলে আহত হন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যসহ তাঁর তিন সঙ্গী।
মোগরাপাড়া চৌরাস্তার একটি দোকানের মালিক খন্দকার মোরসেদ আলম বলেন, ইজিবাইক ও অটোরিকশাচালকদের দৌরাত্ম্যে এখন মানুষ অসহায়। এসব অবৈধ যানের কারণে প্রতিদিন মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘ যানজটে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোনারগাঁ কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জান বলেন, ‘এ দুই ধরনের অবৈধ যানবাহনে চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনায় শিকার হচ্ছে। এসব যানবাহন যত্রতত্র পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি একাধিকবার উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কের ওপর যত্রতত্র ইজিবাইক ও অটোরিকশা রাখা হয়েছে। ফলে যানজটে পড়েছে অন্যান্য যানবাহন। এসব ইজিবাইক ও অটোরিকশার কোনো নম্বরপ্লেট ও সরকারের কোনো সংস্থার অনুমোদন নেই।
ইজিবাইকের চালক রহমত উল্লাহ বলেন, ‘আমরা আমাদের কমিটির মাধ্যমে চাঁদা তুলে প্রশাসনকে ম্যানেজ (হাত) করে সড়কে গাড়ি চালাই। সরকারের কারও কাছ থেকে আমাদের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না।’
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘অবৈধ ইজিবাইক ও অটোরিকশা এখন এ এলাকার মানুষের মহাদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অবৈধ যানবাহন বন্ধ করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি। কিন্তু কোনো ফল পাইনি।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ‘এসব তিন চাকার যানবাহনের চলাচলে সরকারের কোনো অনুমতি নেই। আমরা ইতিমধ্যে কয়েক দফা অভিযান চালিয়ে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা জানান, এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।