সোনারগাঁয়ে অবৈধভাবে বালু তুলতে বাধা দেওয়ায় হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলতে বাধা দেওয়ায় গতকাল সোমবার নুনেরটেক গ্রামবাসীর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আহত হন ১০ জন।আহত মোহামঞ্চদ আলী ও আলমগীর হোসেন অভিযোগ করেন, বালুমহালের ইজারাদার জাকির হোসেনের সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে।সরেজমিন দেখা গেছে, নুনেরটেক গ্রামের চারদিকে মেঘনা নদী। নদীর দক্ষিণ প্রান্তে কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রাম। নুনেরটেক গ্রামবাসী জানান, নলচর বালুমহাল সরকারের কাছে ইজারা পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থক জাকির হোসেন নামের এক ব্যক্তি। বালু তোলার জন্য মেঘনা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি চক্র গড়েছেন তিনি। ওই চক্রের সদস্যরা তিন বছর ধরে বালুমহালের সীমানার বাইরে এসে নুনেরটেক গ্রামের পাশ থেকে বালু তুলছে। অবৈধভাবে বালু তোলার কারণে গত এক সপ্তাহে গ্রামবাসীর ৩০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়। এ কারণে গতকাল সকাল সাতটার দিকে গ্রামের পাশ থেকে বালু তুলতে বাধা দেন নারী-পুরুষেরা। কিন্তু ইজারাদার জাকিরের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ট্রলারে করে নুনেরটেক গ্রামে যাওয়ার পথে গতকাল দুপুর ১২টার দিকে দেখা হয় সোনারগাঁ থানার পুলিশ ও ভূমি কর্মকর্তাদের সঙ্গে। তাঁরা জানালেন, গ্রামবাসীর ওপর হামলার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছেন।মেঘনার তীরে নুনেরটেক গ্রামে গিয়ে দেখা যায়, শতাধিক নারী-পুরুষ ও শিশু নদীর তীরে। গ্রামবাসী জানালেন, বালু উত্তোলন ঠেকাতে এখন থেকে তাঁরা দিন-রাত পাহারা দেবেন।বালু তোলার খননযন্ত্র (ড্রেজার) দেখা গেছে মাঝনদীতে। গ্রামবাসী বললেন, প্রতিদিন নদী-তীরবর্তী স্থান থেকে বালু তোলা হয়। কিন্তু ইজারাদারের লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে যন্ত্র মাঝনদীতে রেখেছে।নুনেরটেক গ্রামের বাসিন্দা আলমাস আলী মাস্টার বলেন, অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে গত তিন বছরে গ্রামবাসীর শতাধিক বিঘা ইরি-বোরো ধানের জমি বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনে বাধা দেওয়ায় এ পর্যন্ত সোনারগাঁ ও মেঘনা থানায় গ্রামবাসীর বিরুদ্ধে সাতটি চাঁদাবাজির মামলা হয়েছে। এতে শতাধিক লোককে আসামি করা হয়েছে।সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো আতিকুর রহমান বলেন, ‘সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, নলচর বালুমহালের ইজারাদার রাতে নুনেরটেক গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ইজারাদার জাকির হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে আমরা জড়িত নই। আমার কোনো লোক গ্রামবাসীর ওপর হামলা চালায়নি।’