সোনারগাঁয়ে আ. লীগ সমর্থকদের ভাঙচুর লুটপাট, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নূনেরটেক গ্রামে মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আওয়ামী লীগের সমর্থক নেতা-কর্মীরা বালু উত্তোলন প্রতিরোধ কমিটির সদস্য নিরীহ কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ওই কৃষকের পরিবারের সদস্যসহ ১০ জনকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।্রপুলিশ জানায়, উপজেলার বারদী ইউনিয়নের নূনেরটেক গ্রামে মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে ২০-২৫ জনের একটি সিন্ডিকেট বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। একপর্যায়ে ওই সিন্ডিকেট বাহিনী নদীর তীরবর্তী কৃষকের আবাদি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাওয়া শুরু করলে এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন মহলে লিখিত ও মৌখিকভাবে আবেদন করেন। প্রশাসনের পক্ষ থেকে নূনেরটেক এলাকায় তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে গত ১৭ অক্টোবর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক এলাকাবাসীর সমন্বয়ে একটি বালু উত্তোলন প্রতিরোধ কমিটি গঠন করে দেন। এতে বালু উত্তোলন বন্ধ থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে বালু উত্তোলনকারীরা। গতকাল বিকেলে বালু উত্তোলন প্রতিরোধ কমিটির সদস্য নূনেরটেক রঘুনাথচর গ্রামের কৃষক আবুল কাশেমের বাড়িতে বালু উত্তোলনকারী আওয়ামী লীগের সমর্থক ওসমান মেম্বারের ছেলে আলমের নেতৃত্বে লোকমান, চাঁনবাদশা, রহিম, ফুল মিয়াসহ ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল সম্পূর্ণ পরিকল্পিতভাবে লাঠিসোঁটা, দা, বল্লম নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কৃষক আবুল কাসেমের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে ৩২ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় কৃষক আবুল কাশেম, তাঁর স্ত্রী জোসনা বেগম, শ্যালক শুক্কুর আলী, সানাউল্লাহসহ প্রায় ১০ জন গুরুতরভাবে আহত হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কৃষক আবুল কাসেম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।