সোনারগাঁয়ে আ.লীগের কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে গতকাল শনিবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।মেঘনা নদী থেকে বালু উত্তোলনের নামে চরবলাকীর লোকজনের ফসলি জমির মাটি জোর করে কেটে নেওয়ার অভিযোগ তুলে ড্রেজারে হামলা চালালে এই সংঘর্ষ বাধে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি অনুমতিপত্র এনে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মোল্লাসহ আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মেঘনা নদীর নয়নপুর ও দক্ষিণ নয়নবন্দ বালুমহাল থেকে বালু উত্তোলন করে আসছিলেন।চরবলাকী গ্রামের বাসিন্দা রাজ্জাক (৫৬) ও রমজান আলী (৩৭) অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতারা নদী থেকে বালু উত্তোলনের নামে চার-পাঁচ মাস ধরে নদীর তীরবর্তী চরবলাকী গ্রামের মানুষের ধানিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন। গ্রামবাসী বিভিন্ন সময় মাটি কাটার প্রতিবাদ করেও কোনো ফল পায়নি। গতকাল সকালে গ্রামবাসী একত্র হয়ে বিভিন্ন ড্রেজারে (বালু তোলার যন্ত্র) হামলা চালায়। তারা পাঁচটি ড্রেজার ভাঙচুর ও দুটি ড্রেজার আটক করে। এ সময় গ্রামবাসীর সঙ্গে আওয়ামী লীগের লোকজনের দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষের ৩৫ জন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে রমজান মিয়া (২৯), শহিদুল্লাহ (৫৮), করিম (২৩), আবদুল্লাহ (২৭), ইমরান (৩৩), সোবহান (৩৮), রিপন (৩০), কুব্বাত আলী (২৭), রহিম মিয়া (৩১), আলী মিয়া (২৭) ও গিয়াস উদ্দিনকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী গতকাল বিকেলে জানান, ঘটনাটি তিনি জেনেছেন। তবে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।