সোনারগাঁয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর কুতুবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের কর্মী আফাজউদ্দিন আফুর নেতৃত্বে কয়েকজন দা, টেঁটা, বল্লম, রামদা নিয়ে প্রথমে আওয়ামী লীগের কর্মী গোলজারের কুতুবপুর বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। পরে গোলজারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাব ভাঙচুর করে ও লুটপাট চালানো হয়। তাদের বাধা দিতে গিয়ে গোলজার ও তাঁর পক্ষের ইসমাঈল, ইমরান, হান্নান, আয়েশা ও মাহফুজা আহত হয়। অন্যদিকে আফাজউদ্দিন পক্ষের মোশারফ ও আল আমিন আহত হয়। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মোশারফ, আল আমিন ও ইসমাঈলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আফাজউদ্দিনকে আটক করা হয়েছে।