সোনারগাঁয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর এলাকায় গত শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আল আমিন ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে।নিহত আল আমিনের মা পরী বানুর করা মামলার আসামি বন্দর উপজেলার বটতলা গ্রামের নবীর হোসেনকে গতকাল রোববার কুতুবপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার আওয়ামী লীগের কর্মী আফাজউদ্দিন আফুর পক্ষ ও আওয়ামী লীগের কর্মী গোলজারের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত মোশারফ, আল আমিন ও ইসমাঈলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আফাজউদ্দিন পক্ষের আল আমিন মারা যান। আল-আমিনের ভাই মোশারফের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।এ ঘটনায় আল আমিনের মা পরী বানু গোলজারের পক্ষের ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। অন্যদিকে সংঘর্ষে আহত গোলজার হোসেন বাদী হয়ে আফাজউদ্দিন পক্ষের ১১ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।