সোনারগাঁয়ে আট দিনে ৭ খুন, গ্রেপ্তার হয়নি কেউ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে গত আট দিনে সাতজন খুন হয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার হত্যা করা হয় পাঁচজনকে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজনকে খুন করা হয় জামপুর ইউনিয়নে।একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলার সব শ্রেণীর লোকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীরা।সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, ১০ নভেম্বর জামপুরের মুছারচর গ্রামে প্রতিপক্ষরা কলেজছাত্র মফিজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। ১৪ নভেম্বর পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট শিল্পনগর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ। পুলিশের ধারণা, হত্যা করে তাঁর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে জামপুরের বস্তল থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয়ের আরও এক যুবকের লাশ। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় একই ইউনিয়নের পেচাইন গ্রামে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে বাধা দেওয়ায় মো. আল-আমিন (২৪) ও আল আমিনকে (২২) হত্যা করা হয়। একই রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের রূপনগর গ্রামে প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা যান ফরিদ (২৫) ও ফারুক (২০) নামের দুজন।সাত হত্যাকাণ্ডের ব্যাপারে সোনারগাঁ থানায় পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা করেছে নিহত ব্যক্তিদের পরিবার। দুটি মামলার বাদী হয়েছে পুলিশ।নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, মামলার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।অজ্ঞাত দুই যুবকের পরিচয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেউ আইনের চোখকে ফাঁকি দিতে পারবে না।’সচেতন এলাকাবাসীর ভাষ্যমতে, মূলত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রেষারেষি, জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় জমির দালালি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে।সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মুহাম্মদ বাহাউল হক বলেন, ‘রাজনৈতিক ঐকমত্য ও দলীয় শৃঙ্খলা না থাকায় একসময়ের শান্ত সোনারগাঁ বর্তমানে অশান্ত হয়ে উঠেছে।’তবে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, ‘বর্তমান সরকারের আমলে রাজনৈতিক দ্বন্দ্ব নেই। বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটছে।’এদিকে বিএনপি নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম দাবি করেন, ‘আমাদের সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় ভালো ছিল।’বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সোনারগাঁ উপজেলা সমন্বয়ক বেলায়েত হোসেনের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পেছনে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারাই দায়ী।এদিকে উপজেলার সর্বত্র চুরি-ডাকাতি আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। বেড়েছে মাদক ব্যবসা। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা মানতে নারাজ। তাঁর মতে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।