নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মুক্তিপণের দাবিতে অপহূত তিন শিক্ষার্থীর মধ্যে জাহিদুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করা হলেও অন্য দুজনের সন্ধান মেলেনি। এ ঘটনায় অপহরণের আতঙ্কে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
কুড়িগ্রামে অষ্টম শ্রেণীর স্কুলছাত্র মো. রায়হান আলীকে অপহরণের পর হত্যার ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে গতকাল এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
জাহিদুলের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোনারগাঁয়ের ওমর আলী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্র জাহিদুল ও শাকিল স্কুলে যাওয়ার পথে মঙ্গলবার একসঙ্গে অপহূত হয়। অপহরণকারীরা মুক্তিপণের দাবিতে সপ্তম শ্রেণীর ছাত্র জাহিদুলকে গলা কেটে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ফেলে পালিয়ে যায়। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। কিন্তু শাকিলের সন্ধান পাওয়া যাচ্ছে না। জাহিদুলকে হত্যার ঘটনায় তার বাবা রহমত আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
এর আগে সোমবার পার্শ্ববর্তী সিনহা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী অপহূত হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামি খোরশেদ আলমকে বুধবার গ্রেপ্তার করলেও ছাত্রীটির কোনো সন্ধান দিতে পারছে না পুলিশ।
এদিকে দুই দিনের ব্যবধানে একই এলাকার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী অপহূত হওয়া এবং তাদের মধ্যে একজনের লাশ উদ্ধারের ঘটনায় কাঁচপুরসহ সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মতো কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গেও তাদের অভিভাবকেরা এসেছেন। সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, ‘আতঙ্কে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান জানান, এসব ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৬ জানুয়ারি জরুরি সভা ডাকা হয়েছে। সভায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুড়িগ্রাম শহরের হাসপাতালপাড়ার ব্যবসায়ী এরশাদুল হকের বড় ছেলে রায়হানকে (১৩) গত শনিবার খেলার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় তাঁর বাসার ভাড়াটে নজরুল ইসলামের ছেলে সাগর। পরদিন মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবি অনুযায়ী সাড়ে চার লাখ টাকা দেওয়া হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুলের স্ত্রী ঝর্ণা ও ছেলে সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার বিকেলে লালমনিরহাটের মোগলহাট নয়ার চর থেকে রায়হানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থী এবং এলাকাবাসী সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় শহরে সড়ক অবরোধও করা হয়। এ ছাড়া হাসপাতালপাড়ার বাসিন্দারা হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর পৃথক দুটি স্মারকলিপি দেন।
গতকাল রায়হানের বাড়িতে গিয়ে দেখা যায়, মা বিউটি বেগম শয্যাশায়ী। কোনো কথা বলতে পারছেন না। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। বাবা এরশাদুল হক কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে বাঁচানোর জন্য পাঁচ দিন অনেক চেষ্টা করেছি। মুক্তিপণের টাকাও কষ্টে জোগাড় করে দিয়েছি। কিন্তু ছেলেকে ফেরত পাইনি।’
ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে লালমনিরহাট থেকে রায়হানের লাশ কুড়িগ্রামে এসে পৌঁছালে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।