সোনারগাঁয়ে আরেক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আরও এক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। স্থানীয় একদল বখাটে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। এ সময় ওই দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। পরে তা ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁ থানায় তরিকুলসহ ছয় বখাটের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতেই তরিকুলকে তার নানাখীর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, শ্লীলতাহানির শিকার ওই মেয়ের বাড়ি উপজেলার সনমান্দী ইউনিয়নের একটি গ্রামে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত ২ আগস্ট স্কুল ছুটির পর সে পাশের একটি গ্রামে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে তাকে একা পেয়ে নানাখী গ্রামের বখাটে তরিকুলের (১৮) নেতৃত্বে দলরদী গ্রামের মহিন উদ্দিন (১৯), আল-আমিন (২০), কবির হোসেন (২৪), সোহেল (২২) ও সাইফুল (১৭) ওই স্কুলছাত্রীর জামাকাপড় ধরে টানাটানি করে। এ সময় বখাটেরা ওই দৃশ্য মুঠোফোনে ভিডিও করে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। তরিকুলকে থানাহাজতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।এদিকে একই উপজেলার জামপুর ইউনিয়নের সেই স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বখাটে আরিফ ও তার বন্ধু আনিসকে আসামি করে গতকাল সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এই দুই বখাটে ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে মুঠোফোনে তা ভিডিওচিত্র ধারণ করে। পরে ইন্টারনেটে ও মুঠোফোনে ছড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী বলেন, প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা মিলেছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।