সোনারগাঁয়ে ইজারার শর্ত ভঙ্গ করে সরকারি জমিতে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শোভন পলিব্যাগ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম সামছুল হকের বিরুদ্ধে ইজারার শর্ত ভঙ্গ করে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।অভিযোগ উঠেছে, উপজেলার পাঁচটি গ্রামের ভূমিহীন ৪০ পরিবারকে সরকারের ইজারা দেওয়া জমি তিনি জোরপূর্বক নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন। এরপর সেসব জমির শ্রেণী পরিবর্তন করে সেখানে মাটি ভরাট করে পাকা ভবন ও টিনশেড ঘর নির্মাণ করেন। এ ঘটনায় ভূমিহীন পরিবারগুলোর পক্ষ থেকে জেলা প্রশাসন ও ঢাকার বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে তারা তাদের জমি ফেরত দেওয়ার দাবি করেছে। তবে সামছুল হক দাবি করেছেন, ভূমিহীন পরিবারগুলো স্বেচ্ছায় তাঁর কাছে জমি হস্তান্তর করেছে।ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ, শোভন পলিব্যাগ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক পাঁচটি গ্রামের ভূমিহীন ও নিরীহ কৃষকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করে ইজারার প্রায় সাত বিঘা জমি তাঁর নামে হস্তান্তর করতে বাধ্য করেন। এ ঘটনায় উপজেলার ওই পাঁচটি গ্রাম তাজপুর, গোয়ালদী, ছাপেরবন্দ, আদমপুর ও ইছাপাড়ার ৪০টি পরিবারের লোকজন গত বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় কমিশনার ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। পরে তারা এলাকায় এসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় সরকার উপজেলার ভূমিহীন ও স্থানীয় কৃষকদের নামে জমি ইজারা দেয়। এর মধ্যে পাঁচটি গ্রামের প্রায় সাত বিঘা জমি শোভন পলিব্যাগ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম সামছুল হক বিভিন্ন সময় হস্তান্তরের মাধ্যমে নিজের নামে নথিভুক্ত করেছেন। জানা যায়, জমি ইজারার শর্তে লেখা ছিল, এই জমি কারও কাছে হস্তান্তর বা শ্রেণী পরিবর্তন করা যাবে না। সরকারের অনুমতি ছাড়া সেখানে কোনো পাকা অবকাঠামো নির্মাণ করা যাবে না। কিন্তু ভূমি অফিসের একশ্রেণীর কর্মকর্তার সহায়তায় শোভন পলিব্যাগের সামছুল হক জমিগুলো নিজের নামে হস্তান্তর করেন। এ ব্যাপারে ছাপেরবন্দ গ্রামের ভূমিহীন কৃষক মাহমুদ হোসেন (৫০) প্রথম আলোকে বলেন, ‘প্রথমে তারা (শোভন পলিব্যাগের লোকজন) আমার ঘর পুড়াইয়া দেয়। পরে মিছা কেইস দিয়া আমাগো জেল খাটাইয়া উচ্ছেদ করল। তাগো বিচার কি অইব না?’ এ কথা বলে কেঁদে ফেলেন তিনি।সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল আমিন বলেন, ‘শোভন পলিব্যাগ ইজারার সব শর্ত অমান্য করে সরকারের কোনো অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করে ভূমির শ্রেণী পরিবর্তন করেছেন। আমি এখানে যোগ দেওয়ার আগেই এসব ঘটেছে।’যোগাযোগ করা হলে শোভন পলিব্যাগ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম সামছুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি জোর করে কোনো জমি নিইনি। গ্রামবাসী স্বেচ্ছায় জমি হস্তান্তর করেছে। তা ছাড়া গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও পরে আমি তুলে নিয়েছি।’ ইজারার শর্ত লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের অনুমতি নিয়েই ইজারার শর্ত লঙ্ঘন করেছি।’ তবে কার কাছ থেকে অনুমতি নিয়েছেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।জেলা প্রশাসক মো. সামছুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্ত করে শোভন পলিব্যাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।