সোনারগাঁয়ে উপজেলা যুবলীগের সম্মেলন, কমিটি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার মোগরাপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। সভায় আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, কেন্দ্রীয় যুবলীগের মহিলাবিষয়ক উপসম্পাদক নাসরিন সুলতানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কাজী সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সোহেল রানা, স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ মাসুদ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ।
সম্মেলন শেষে কাউন্সিলরদের গোপন ভোটে রফিকুল ইসলাম নান্নু উপজেলা যুবলীগের সভাপতি, আলী হায়দার সাধারণ সম্পাদক ও কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এ ব্যাপারে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির বলেন, কাউন্সিলরদের ভোটে তিনজনকে বিভিন্ন পদে নির্বাচন করা হয়। ২৯ মার্চ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।