সোনারগাঁয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার রিপন মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কান্দারগাঁও গ্রামের বাসিন্দা ড্রেজার (নদী থেকে বালু উত্তোলনের খননযন্ত্র) ব্যবসায়ী রিপন (২৮) গতকাল সকাল ১০টার দিকে ব্যবসার কাজে মেঘনা নদীতে যাচ্ছিলেন। পথে স্থানীয় অলি উল্লাহসহ ১০-১২ জন রিপনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রিপন মিয়ার স্ত্রী জয়নব বিবি অভিযোগ করেন, হামলাকারীরা পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্বামীকে হত্যা করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হত্যাকাণ্ডে ব্যবহূত চাপাতিসহ অলি উল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হবে। রিপন মিয়ার স্ত্রী জয়নব বিবি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।