সোনারগাঁয়ে এক মাসে সাতটি যাত্রীবাহী বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গুলিস্তান থেকে সোনারগাঁ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত এক মাসে যাত্রীবাহী বাসে কমপক্ষে সাতটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রোববার রাতে এ ধরনের একটি ডাকাতি সংঘটিত হয়। একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কাবস্থায় চলাচল করতে হচ্ছে যাত্রীদের।নারায়ণগঞ্জের সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা থানা পুলিশের সূত্রে জানা যায়, গত এক মাসে সংঘটিত সব ডাকাতির ঘটনা একই ধরনের। ডাকাত দল যাত্রীবেশে বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। কোনো যাত্রী প্রতিবাদ করলে তাকে কুপিয়ে আহত করা হয়।পুলিশ জানিয়েছে, গত রোববার রাত সাড়ে ১০টায় গুলিস্তান থেকে মোগড়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস কাঁচপুর সেতু অতিক্রম করার পর যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত লুটপাট শুরু করে। তারা অস্ত্রের মুখে চালককে তাঁর আসন থেকে সরিয়ে দিয়ে নিজেরা বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চলন্ত অবস্থায় তারা যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। বাধা দেওয়ায় তারা ২৫ জন যাত্রীকে কুপিয়ে আহত করে। সোনারগাঁ উপজেলার আমবাগ মোড়ে পৌঁছে ডাকাত দল একটি মাইক্রোবাসে করে পালাতে থাকে। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। আমবাগ সেতুর ওপর থেকে মাইক্রোবাসটির গতি রোধ করে পুলিশ। সেখান থেকে জহিরুল ইসলাম (২৮), হাবিব (৩২) ও আওলাদ (৩৫) নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বাকি ডাকাতেরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় ২০ লাখ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন, ছোরা ও রামদা উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, একটি সংঘবদ্ধচক্র পরিকল্পিতভাবে একের পর এক ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে জানান, মহাসড়কে এসব ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।