সোনারগাঁয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে একই পরিবারের চারজনকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার আমিনপুর গ্রামের জামান মিয়ার সঙ্গে প্রতিবেশী শাহজাহান মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে জামান মিয়ার নেতৃত্বে ১০-১২ জন রামদা, ছোরা, লাঠি ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শাহজাহান মিয়া, তাঁর স্ত্রী শিল্পী বেগম, দুই ছেলে সোহেল রানা ও ফয়সাল রানাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহজাহান মিয়া ও সোহেল রানার অবস্থা গুরুতর। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ফয়সাল রানা মুঠোফোনে বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই জামান মিয়ার লোকজন আমাদের পরিবারের সবাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।’
জামান মিয়া বলেন, ‘ঘটনাটি ঘটেছে সত্য। তবে আমি এর সঙ্গে জড়িত নই।’