নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা না পেয়ে বৈদ্যুতিক টাওয়ার লাইনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় করা মামলার ২ নম্বর আসামি দিল মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, দিল মোহাম্মদ সোনারগাঁর শীর্ষস্থানীয় সন্ত্রাসী আরমানের সহযোগী। গতকাল ভোরে তাঁকে গ্রেপ্তারের পর মোগড়াপাড়া ইউনিয়নের পিয়ারনগর গ্রামে আনোয়ারের বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে আনোয়ার পালিয়ে যান। তাঁর বাড়ি থেকে অন্য স্থান থেকে ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওসি জানান, দিল মোহাম্মদ স্বীকার করেছেন, বিক্রির জন্য তাঁরা দুটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে এসেছিলেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সোনারগাঁর মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি বৈদ্যুতিক টাওয়ার লাইন নির্মাণের কাজ করছে উপ-ঠিকাদার কোরীয় প্রতিষ্ঠান হ্যান ব্যাগ লিমিটেড। চাঁদার দাবিতে শুক্রবার আরমান ও তাঁর সহযোগীরা হ্যান ব্যাগের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে আটকে রেখে নির্যাতন করেন আরমান ও তাঁর সহযোগীরা। একটি মোটরসাইকেল, ৬৩ হাজার টাকা ও নির্মাণসামগ্রী লুট করে কাজ বন্ধ করে দেন তাঁরা।