সোনারগাঁয়ে কর কমানোর দাবিতে ফের সমাবেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কর বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার সকালে আবারও পৌর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌরবাসী। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কর কমানোর দাবিতে মেয়রের কাছে সঞ্চারকলিপি পেশ করেন।
সমাবেশে স্থানীয় আদমপুর বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন মিয়া, ব্যবসায়ী মোশারফ হোসেন শিকদার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল মাহমুদ শিকদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তারা বলেন, এ বছর পৌর কর্তৃপক্ষ হঠাৎ করে কর চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি করে পৌরসভার বাসিন্দাদের কাছে চিঠি পাঠিয়েছেন। যাঁরা কর দিতে ব্যর্থ হচ্ছেন, পৌরসভার সংশিষ্ট শাখা তাঁদের নানাভাবে হয়রানি করছে। কর পরিশোধের প্রত্যয়নপত্র ছাড়া জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও নাগরিকত্ব সনদ দেওয়া হয় না।
বক্তারা আরও বলেন, বর্তমানে পৌর এলাকার অনেক মানুষই কৃষিজীবী। পৌর কর্তৃপক্ষ কর বৃদ্ধি করলেও পৌর সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন এলাকায় নালা না থাকায় বর্ষায় মারাত্মক জলাবদ্ধতায় হয়। কিছু এলাকায় এখনো পানি সরবরাহের ব্যবস্থা ও সড়ক নির্মাণ করা হয়নি। এ অবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে কর কমানো না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ার করেন।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান জানান, বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলেই কর কমানো হবে।