সোনারগাঁয়ে কলেজছাত্র ও তাঁর মাকে কুপিয়ে জখম করল প্রতিপক্ষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামে গত সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এক কলেজছাত্র ও তার মাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার (৪৭) ও তাঁর ছেলে সোনারগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রাহুল মিয়ার ওপর হামলা হয়েছে। প্রতিপক্ষ তোতা মিয়া ও সিহাব হোসেন তাঁদের বাড়িতে গিয়ে এ হামলা চালান। এতে আহত মা ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় আহত ফাতেমা আক্তারের ভাই আবদুর রউফ বাদী হয়ে সোমবার রাতেই এর সঙ্গে জড়িত তোতা মিয়া ও শিহাব হোসেনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।