সোনারগাঁয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আজ শুরু
আজ থেকে সোনারগাঁয়ে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব’। আজ শনিবার বেলা ১১টায় সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ মঞ্চে এ মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংসদ লিয়াকত হোসেন ও সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ।
এবার গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম ‘মৃৎশিল্পের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করা হবে। এবার ৪ জন কারুশিল্পীকে ‘কারুশিল্পী পদক-২০১৬’ প্রদান করা হবে। এর মধ্যে থাকবে ১টি ১ ভরি ওজনের স্বর্ণপদক ও ৩০ হাজার টাকা। পাটজাত কারুশিল্পে সুফিয়া আক্তার, শীতলপাটি শিল্পে সবিতা মোদি, সরাচিত্রে সুধন্য চন্দ্র দাস এবং তামা-কাঁসা-পিতল মাধ্যমে মানিক সরকার এ পদক পাচ্ছেন।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশের পল্লি অঞ্চল থেকে ৫৪ জন কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছেন। মেলায় মোট স্টলের সংখ্যা ১৯৩।
লোকজ গানসহ লোকজীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনীর আয়োজন থাকছে এবারের মেলায়। মেলা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।