চাঁদাবাজি, হয়রানি ও নিরীহ ব্যবসায়ীদের আটক করে ঘুষ নেওয়াসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে এবং এর প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সভা করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
গতকাল রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীরা ওই কর্মসূচি পালন করেন। এতে কাঁচপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে ‘ভাঙারী’ ব্যবসায়ীরা অংশ নেন।
সভায় কাঁচপুর বাসস্ট্যান্ডের ভাঙারি ব্যবসায়ীরা বলেন, তাঁরা কাঁচপুর এলাকায় ক্ষুদ্র ব্যবসা করে দীর্ঘদিন ধরে জীবনধারণ করে আসছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বিনা কারণে ব্যবসায়ীদের আটক করে ঘুষ আদায় করেন। তাঁদের চাহিদামতো চাঁদা দিতে না পারলে তাঁরা ব্যবসায়ীদের আটক করে নিয়ে যাচ্ছেন। ডিবি পুলিশের চাঁদাবাজি ও হয়রানির কারণে গত এক সপ্তাহ ধরে এ এলাকার ৫০ জন ব্যবসায়ী তাঁদের ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। ফলে অনেকের সংসারে অভাব-অনটন দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, গত বছরের ৯ নভেম্বর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ব্যবসায়ী আবদুর রশিদকে আটক করে ৫০ হাজার টাকা, ১৯ নভেম্বর ব্যবসায়ী আবদুল্লাহকে আটক করে ৬০ হাজার টাকা, ১৩ মার্চ এসআই হাবিবুর রহমান ব্যবসায়ী হারেজ ও সুজনকে আটক করে এক লাখ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেন।
এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই আনিছুর রহমান ও হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নানা অপরাধের সঙ্গে জড়িত। তাই তাঁদের আটক করা হয়েছিল। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের আটক করে ঘুষ নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।