সোনারগাঁয়ে খাল থেকে কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের একটি খাল থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আল সাদিক মবিন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মবিনকে হত্যা করেছে।
মবিন বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়ার ব্যবসায়ী আবদুল গফুরের ছোট ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানান, মবিন গত সোমবার বিকেলে মেঘনা নদীর তীরে কনসার্ট দেখার কথা বলে তাঁর বাবার মুরগির দোকান থেকে বের হন। কনসার্ট শেষে রাত ১২টার দিকে মবিন তাঁর এক চাচাতো ভাইকে (১০) বাসায় এগিয়ে দিয়ে মুরগির দোকানে ঘুমানোর কথা বলে বিদায় নেন। মবিনকে দোকানে না পেয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাঁকে পাননি। গতকাল সন্ধ্যায় বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের পাশের খালে কচুরিপানার ভেতর থেকে একটি লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে নিহতের পরিবার এটি মবিনের লাশ বলে শনাক্ত করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, মবিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর ডান চোখ উপড়ে ফেলা হয়েছে এবং মুখের অনেকটা অংশ থেঁতলে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।