সোনারগাঁয়ে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী খেলার মাঠের একাংশ দখল করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দোকানঘর করেছেন। মাঠটি দখলমুক্ত করার দাবিতে গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা।
এলাকাবাসী বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রায় শত বছরের পুরোনো হরিহরদী খেলার মাঠটি সরকারের খাস সম্পত্তি। এ মাঠে স্থানীয় লোকজন খেলাধুলা করেন এবং নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইউএনওর কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই মাস আগে পাশের হরিহরদী বাজারের প্রভাবশালী ব্যবসায়ী নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, কবির হোসেন, ফারুক মিয়া ও হুমায়ূন কবির খেলার মাঠের একাংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। ফলে মাঠটি ছোট হয়ে গেছে এ কারণে খেলাধুলার সমস্যা হচ্ছে।
স্থানীয় দুজন বলেন, মাঠের দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি দখল করে চারটি টিনের দোকানঘর করা হয়েছে। এগুলো মনিহারি পণ্যের দোকান।
ইউনিয়নের মামুর্দী গ্রামের আবুল হোসেন বলেন, এ মাঠে খেলাধুলা চর্চা করে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় এলাকার সুনাম ধরে রেখেছেন। অথচ খেলার মাঠ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার ফলে এলাকায় খেলাধুলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।
স্থানীয় সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য জামান মিয়া বলেন, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ধীরে ধীরে মাঠ দখল করে নিচ্ছেন। বাধা দেওয়ার পরও দখলদারেরা তাঁর কথা মানছেন না।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ও ফারুক মিয়া বলেন, তাঁরা খালি জায়গা পেয়ে মাঠে দোকান নির্মাণ করেছেন। সরকার চাইলে তাঁরা তাঁদের দোকানঘর সরিয়ে নেবেন।
ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, ‘খেলার মাঠটি দখল করার অভিযোগ এনে এলাকাবাসী আমাকে লিখিতভাবে জানিয়েছেন। আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঁঞা বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। দু-এক দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে দখলদারদের উচ্ছেদ করা হবে।