সোনারগাঁয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওঠমা গ্রামে গত বুধবার দিবাগত রাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও একজন আহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ওঠমা গ্রামের নবীর হোসেনের বাড়িতে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা নবীরকে কুপিয়ে আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত ফাইজুল (৪০) ও মূসা মিয়াকে (৩৫) ধরে পিটুনি দেন। এতে ফাইজুল ঘটনাস্থলে নিহত হন। আহত মূসাকে সোনারগাঁ থানার পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, পরে ডাকাতি বন্ধের দাবিতে ক্ষুব্ধ জনতা বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক ঘণ্টা পর পুলিশ বুঝিয়ে লোকজনকে সড়ক থেকে সরিয়ে দেয়।সোনারগাঁ থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, ফাইজুলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় তিনটি ডাকাতির মামলা রয়েছে।