সোনারগাঁয়ে গরুবোঝাই ট্রলারে ডাকাতি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকার মেঘনা নদীতে গরুবোঝাই ট্রলারে গতকাল শুক্রবার ভোরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে যান। তাদের হামলায় পাঁচ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত আবদুল মালেক ও আমজাদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁরা ছয়টি গরু নিয়ে কুমিল্লার মেঘনা উপজেলার নলচর এলাকা থেকে ঢাকার সদরঘাটে যাচ্ছিলেন। পথে চরহোগলা এলাকায় ভোর পাঁচটার দিকে একটি ট্রলারযোগে ১০-১২ জন ডাকাত তাঁদের ট্রলারে ওঠে। তারা দুই লাখ ৫০ হাজার টাকা ও চারটি মুঠোফোন নিয়ে যায়। এ সময় দা দিয়ে কুপিয়ে গরু ব্যবসায়ী মালেক, আমজাদ, মো. ইসমাঈল, গণি মিয়া ও শুক্কুর আলীকে আহত করা হয়। ইসমাঈল, গণি ও শুক্কুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।