সোনারগাঁয়ে গৃহবধূ লিপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে গৃহবধূ লিপি আক্তার হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনেরা। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে লিপি আক্তারের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় পঞ্চবটি, দামোদরদী, হামছাদী ও খংসারদী গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে লিপির বাবা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েকে গত ২৪ সেপ্টেম্বর তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর পরিবারটির সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফোরকান শিকদার বলেন, অপমৃত্যুর মামলা নেওয়া হলেও সমস্যা নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রমাণিত হলে এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।