সোনারগাঁয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাঘরি গ্রামে ফিরোজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ফিরোজার ছোট ভাই ওমর ফারুক ভগ্নিপতিসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, পারিবারিক কলহের জেরে ফিরোজাকে হত্যা করা হয়েছে।মামলার বরাত দিয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, উপজেলার বাঘরি গ্রামের আবুল কালাম তাঁর শ্বশুড়বাড়ির লোকজনের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে ফিরোজা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর কলহ চলছিল। এর জের ধরে গত সোমবার রাতে ফিরোজাকে শ্বাসরোধে হত্যা করেন কালাম। পরে হত্যাকে আত্মহত্যায় রূপ দেওয়ার জন্য ফিরোজার লাশ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। বাড়ির পাশে গাছে শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফিরোজার লাশ উদ্ধার করে পুলিশ। ওসি ইউনুস আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।