নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাহ আলমকে গতকাল রোববার জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামে গত শুক্রবার রাতে চাচাকে গাছের সঙ্গে বেঁধে দুই ভাতিজিকে কয়েকজন সন্ত্রাসী পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় গত শনিবার শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তদন্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, শাহ আলমকে গতকাল নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আবদুল কুদ্দুসের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।ওসি আরও বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। ধর্ষিত দুই বোনের ডাক্তারি পরীক্ষা গতকাল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সোনারগাঁ উপজেলা কমিটি, জনকল্যাণ সামাজিক সংগঠন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠন দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।