সোনারগাঁয়ে চাচাকে বেঁধে দুই ভাতিজিকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচাকে গাছের সঙ্গে বেঁধে রেখে দুই ভাতিজিকে পালাক্রমে ধর্ষণের পর নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির পাঁচআনী গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় শাহ আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর গ্রামের এক ব্যক্তি তাঁর কলেজপড়ুয়া দুই মেয়েকে নিয়ে শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী গ্রামে আপন ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে ওই দুই বোন চাচার সঙ্গে পার্শ্ববর্তী চৌধুরীগাঁও গ্রামে তাদের ফুফুর বাড়িতে বেড়াতে যায়। রাত আটটার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। অভিযোগ উঠেছে, পথে মঙ্গলেরগাঁও গ্রামের নির্জন এলাকায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী খোকন, ইমদাদ ও শাহ আলমের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাদের পথরোধ করে। একপর্যায়ে চাচা ও তাঁর দুই ভাতিজিকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাগানে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে তারা চাচাকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁর সামনে দুই ভাতিজিকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সন্ত্রাসীরা ওই ব্যক্তিকে (চাচা) ফাঁসাতে দুই ভাতিজিকে নিয়ে তাঁর নগ্ন ছবি তোলে। এই ছবি প্রকাশের হুমকি দিয়ে ওই ব্যক্তির পরিবারের কাছে মুঠোফোনে এক লাখ টাকা দাবি করা হয়। রাতেই পরিবারের সদস্যরা ১০ হাজার টাকা দিয়ে সন্ত্রাসীদের কবল থেকে তাঁদের ছাড়িয়ে নেন। গতকাল বিকেলে ওই ব্যক্তি ও তাঁর দুই ভাতিজি সোনারগাঁ থানায় এসে পুলিশের কাছে ধর্ষণের ঘটনার বর্ণনা দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় সন্ত্রাসী শাহ আলমকে মঙ্গলেরগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করে।খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।