সোনারগাঁয়ে চান মিয়ার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ড্রেজিং করে অবৈধভাবে চরের মাটি কাটায় ইজারাদার চান মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার সোনারগাঁ থানায় মামলাটি করেন স্থানীয় সম্ভুপুরা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম।এর আগে ওই দিন সোনারগাঁ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম অভিযান চালিয়ে চান মিয়ার একটি ড্রেজার জব্দ এবং ড্রেজারের চার শ্রমিককে আটক করেন। একই ঘটনায় গতকাল সোমবার সোনারগাঁর শত শত বাসিন্দা চরের মাটি কাটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে চান মিয়ার আরও একটি ড্রেজার ও এর সঙ্গে ছয় শ্রমিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ধলেশ্বরীতে নদীর চর কাটা নিয়ে গত শুক্রবার প্রথম আলোতে ‘চরের মাটি কেটে নিচ্ছেন চান মিয়া’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে সোনারগাঁ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম পুলিশ নিয়ে মেঘনা নদীর সোনারগাঁর সোনারচরে অভিযান চালান। সেখানে চরের মাটি কাটার সময় চান মিয়ার প্রতিষ্ঠান চাঁদনী ট্রেডার্সের ‘এমভি হাজী সামাদ দেওয়ান’ নামের একটি ড্রেজার এবং ড্রেজারে কর্মরত শ্রমিক আবুল হোসেন, শহিদুল ইসলাম, ইস্রাফিল ও জাহিদুলকে আটক করে। সহকারী কমিশনার ভূমি একই সঙ্গে ড্রেজারের কাগজপত্রসহ মালামাল জব্দ করে। এ ঘটনার পর স্থানীয় সম্ভুপুরা এলাকার নুরুল ইসলাম বাদী হয়ে চান মিয়াকে প্রধান আসামি করে ২০-২৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় আটক ওই চার শ্রমিককেও আসামি করা হয়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সোনারচরে তাঁদের বন্দোবস্ত পাওয়া খাসজমিতে চান মিয়া ও তাঁর লোকজন জোর করে প্রবেশ করে ড্রেজার দিয়ে বালুমাটি কেটে বিক্রি করছেন।পরের দিনে গতকাল সকালে সম্ভুপুরা গ্রামসহ আট-দশটি গ্রামের শত শত ব্যক্তি বন্দোবস্ত পাওয়া তাঁদের জমি কাটায় চান মিয়ার ড্রেজারে হামলা করে। তাঁরা খাজা আজমিরী নামের একটি ড্রেজার শাবল ও রড দিয়ে গুঁতিয়ে পানিতে ডুবিয়ে দেয় এবং ওই ড্রেজারের ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিরা হলেন ইয়ামিন হোসেন, মামুন, সাইফুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আল আমিন ও মো. দুলাল হোসেন। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল প্রথম আলোকে বলেন, নদীর খাসজমি কাটার কারণে চান মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এর পর থেকেই চান মিয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। গতকাল গ্রামবাসীর একটি ড্রেজার আটক ও ছয়জনকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে অজয় বলেন, এই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সোনারগাঁ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম বলেন, চান মিয়ার লোকজন অবৈধভাবে চরের খাসজমি কাটায় তাঁর একটি ড্রেজার ও চার শ্রমিককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।সোনারগাঁ থানার পুলিশ জানায়, রোববার গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল আটক ছয়জন সোনারগাঁ থানার হেফাজতে রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, চান মিয়া নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর উপজেলা) আসনে মহাজোটের সাংসদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম নাসিম ওসমানের ঘনিষ্ঠজন। গত ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) থেকে চর ধলেশ্বরী মৌজায় ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদনদীর মোহনায় বালুমহালের ইজারা নেয় তাঁর মালিকানাধীন চাঁদনী ট্রেডার্স কোম্পানি। কিন্তু চান মিয়া ওই সব স্থানে বালু না তুলে ড্রেজার দিয়ে অবৈধভাবে আশপাশের চরের বালুমাটি কাটছেন।