সোনারগাঁয়ে চারজনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামে গতকাল শনিবার সন্ত্রাসীরা চারজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংকের কর্মকর্তা রহমত উল্লাহ জানান, পূর্বশত্রুতার জের ধরে তাঁদের প্রতিবেশী পাভেল হোসেন, পিয়াস মিয়া, আমিনুল ইসলাম ও নুরুল ইসলামের নেতৃত্বে একদল যুবক গতকাল দুপুরে তাঁর স্ত্রী সুলতানা আক্তার (৩৫), দুই বোন পলি আক্তার (২৮) ও সাফিয়া বেগম (৪০) এবং ভাই ইয়াছিন মিয়াকে (২৭) রামদা দিয়ে কুপিয়ে একজনের একটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।অন্যদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়নি।