সোনারগাঁয়ে ছাত্রলীগের কর্মী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের গুলিতে মাসুদ খান নামের ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মাসুদ খানের ভাই জিহাদ খান গতকাল বুধবার ছয়জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে, মাসুদ কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় ঠিকাদারি করেন। গত বছরের আগস্ট মাসে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় রনি খানের লোকজনের সঙ্গে ওই এলাকার সাইফুল ইসলামের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় রনি খান একটি মামলা করেন। ওই মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মাসুদ খানকে সাক্ষী করা হয়। এর পর থেকেই সাইফুল মাসুদ খানকে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কাঁচপুর বিসিক এলাকায় সাইফুলের সহযোগী জাকির হোসেন, ইয়াকুব, মতিন, মাফিজুলসহ পাঁচ-ছয়জন মাসুদকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা-মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ মাসুদ তাঁদের সংগঠনের সক্রিয় সদস্য। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।